গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি।
ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন। কেউ হয়তো বন্ধুদের সঙ্গে সমুদ্র দেখতে যেতে চাইছেন। আবার কেউ হয়তো স্বপ্নের কোনো দেশে ঘুরতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন। ভ্রমণ হোক দেশে কিংবা বিদেশে, একটু সতর্ক থাকলে আপনার পুরো সফরটি হয়ে উঠতে পারে আরও সুন্দর, নিশ্চিন্ত ও আনন্দময়। রওনা হওয়ার আগে তাই জেনে নিন গ্রীষ্মকালীন ভ্রমণের কিছু জরুরি টিপস।
ভ্রমণে রওনা হওয়ার আগে যাতায়াতের খবর নিয়ে নিন। পরিবার নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে গন্তব্যে পৌঁছানোর যানবাহন বিষয়ে খোঁজ নিন বিশেষভাবে। যেকোনো বাহনে এসি বা নন-এসি থাকে। পছন্দমতো টিকিট কেটে নিন। আর যদি নিজের গাড়ি থাকে কিংবা রেন্ট-এ-কারে যেতে চান, তাহলে সেগুলোর অবস্থা জেনে নিন।
ভ্রমণের সময় আপনার কখন, কোথায়, কী প্রয়োজন হতে পারে, তা বলা যায় না। তাই ভ্রমণ ব্যাগে ফার্স্ট এইড বক্স, টর্চ লাইট, রেইনকোট বা ছাতা, ওয়াটারপ্রুফ ব্যাগ, মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক, বাড়তি পানি, চার্জার ফ্যান ইত্যাদি। এগুলো নিজের গাড়িতেও রাখতে পারেন।
সানস্ক্রিন
ঘুরতে যাওয়ার ব্যস্ততায় অনেক সময় খুব জরুরি জিনিসও ব্যাগে রাখা হয় না। তার মধ্যে অন্যতম হচ্ছে সানস্ক্রিন। রোদে বাইরে বের হলে, এসপিএফ ৩০ বা তার বেশি এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
এই সময়ের আবহাওয়ায় ভ্রমণে যা সঙ্গে রাখবেনএই সময়ের আবহাওয়ায় ভ্রমণে যা সঙ্গে রাখবেন
রোদ থেকে রক্ষা পেতে
চোখের সুরক্ষার জন্য প্রয়োজন হবে সানগ্লাস। রোদ থেকে বাঁচতে হ্যাট বা ক্যাপ ব্যবহার করুন। কড়া রোদ থেকে বাঁচার জন্য সাদা বা হালকা রঙের হ্যান্ড স্লিভ বা হাতমোজা ব্যবহার করুন। এ ছাড়া রোদ থেকে চুল বাঁচানোর জন্য স্কার্ফ ব্যবহার করতে পারেন।
পোশাক
গ্রীষ্মকালীন ভ্রমণে, শরীর ঠান্ডা রাখতে এবং গরম থেকে বাঁচতে হালকা কাপড় ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে পারেন। এতে প্রচণ্ড গরমেও ভ্রমণের দিনগুলোতে আপনি স্বচ্ছন্দবোধ করবেন।